প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর , ২০২৫
শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)-এর উদ্যোগে সারা দেশের সরকারিকৃত কলেজগুলোতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী এ তথ্য জানান।
অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণ বিধিমালা-২০১৮ অনুযায়ী চাকরির বৈষম্য নিরসনসহ স্থায়ী করণ, পদোন্নতি প্রদান, পে-প্রটেকশনসহ বেতন বৈষম্য দূরীকরণ, একাধিক প্রতিষ্ঠানে চাকরিকাল গণনাযোগ্য করা এবং বদলি সুবিধা বাস্তবায়নের দাবি জানান।
সকশিসের সভাপতি জাকারিয়া মাহমুদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান এক যৌথ বিবৃতিতে সফল কর্মসূচির জন্য কর্মসূচি বাস্তবায়ন কমিটি, বিভাগীয় ও জেলা কমিটি এবং আত্তীকৃত সকল শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। তাই যথাযথ সমাধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিবৃতিতে আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং কার্যনির্বাহী কমিটির সভা সফল করতে সবাইকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।