প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারা দেশে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সরকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা এককভাবে বা সর্বোচ্চ তিনজনের দলে অংশ নিতে পারবেন। তবে দলে অন্তত একজন নারী সদস্য থাকতে হবে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠন, বিতর্ক ক্লাব, স্কাউট, রোভার কিংবা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত আইডিয়াগুলো সংশ্লিষ্ট জেলা পরিষদ বাস্তবায়ন করবে এবং প্রতিটি প্রকল্পের আর্থিক লেনদেন স্থানীয় সরকার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সম্ভাব্য আইডিয়া হিসেবে দেওয়ালচিত্র, পথনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ বা গণসচেতনতামূলক কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। তবে উদ্ভাবনী যে কোনো ধারণাই গ্রহণযোগ্য হবে বলে জানায় স্থানীয় সরকার বিভাগ।
প্রতিপাদ্য : ‘আমার চোখে জুলাই বিপ্লব’
যারা অংশ নিতে পারবেন
আইডিয়া জমা দেওয়ার কাঠামো
১-২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে থাকতে হবে—
১. আইডিয়ার শিরোনাম
২. বিবরণ (স্থানসহ) ও উদ্দেশ্য
৩. বাস্তবায়ন পরিকল্পনা
৪. আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা)
৫. প্রত্যাশিত প্রভাব
৬. প্রেরকের নাম ও যোগাযোগ
জমাদানের নিয়মাবলি
নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া যাবে।
জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।
জমাদানের শেষ তারিখ ৮ জুলাই ২০২৫