ইবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৩১ আগস্ট , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, ছাত্রদল কখনো হল দখল, টেন্ডারবাজি বা চাঁদাবাজির মতো কাজে জড়িত নয়। তিনি বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের নৈতিকতা শেখান। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধৈর্যের প্রতীক। তার কাছ থেকে আমাদের ধৈর্য শেখা উচিত।”
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
সাহেদ আহম্মেদ আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির কাণ্ডারি তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামিয়েছিলেন। সেই আন্দোলনে আমরা সফল হয়েছি, দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করেছি। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। এখন একটি সুন্দর নির্বাচন চাই। জুলাই–আগস্টের শহিদ ভাই-বোনদের স্মরণে আমাদের এই সভা।”
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের জগদ্দল পাথর সরিয়েছে ছাত্র সমাজ। আন্দোলনের শহিদদের কারণে আমরা মুক্তি পেয়েছি। আন্দোলনের মুখে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের কথা চিন্তা করেনি, যেমনটা শেখ মুজিবও করেছিলেন। বিএনপি তেমন রাজনীতি করে না; প্রতিটি ছাত্রদল কর্মীকে তারা নিজেদের সন্তান মনে করে।”
বিশেষ অতিথি ছিলেন ইউট্যাবের ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।
এছাড়া উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহম্মেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী। সভাটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।