স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৬ সেপ্টেম্বর , ২০২৫
ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানদের অবিশ্বাস্য ব্যর্থতায় শেষ হয়ে গেল বাংলাদেশের ফাইনাল-স্বপ্ন। ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ১২৪ রানে থেমে যায় জাকের আলির দল।
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রাখলেও ব্যাট হাতে অস্থিরতা, দায়িত্বজ্ঞানহীন শট ও ভুল সিদ্ধান্তে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ১১ রানের জয়ে পাকিস্তান পেয়ে যায় ফাইনালের টিকিট।
এই জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। ফাইনাল রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতেই বিপদে পড়ে। প্রথম ওভারেই তাসকিন আহমেদ বিদায় করেন সাহিবজাদা ফারহানকে। তাসকিন স্পর্শ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক। পরের ওভারে শেখ মেহেদি ফেরান সাইম আইয়ুবকে (এই এশিয়া কাপে চতুর্থ ‘ডাক’)।
রিশাদ হোসেন দুর্দান্ত বোলিংয়ে ফাখার জামান (১৩) ও হুসেইন তালাতকে ফিরিয়ে দেন। তাসকিন, রিশাদ ও মেহেদি নেন যথাক্রমে ৩, ২ ও ২ উইকেট। শেষ দিকে মোহাম্মদ হারিস (২৩ বলে ৩১) ও মোহাম্মদ নওয়াজ (১৫ বলে ২৫) দলের রানে খানিক জোয়ার আনেন। পাকিস্তান শেষ পর্যন্ত তোলে ৮ উইকেটে ১৩৫ রান।
বাংলাদেশের হয়ে তাসকিনের সঙ্গে বল হাতে ঝলক দেখান মেহেদি (২/২৮) ও রিশাদ (২/১৮)। কিন্তু এই পারফরম্যান্স ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্লান হয়ে যায়।
রান তাড়ায় শুরুতেই ব্যর্থ বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর সাইফ হাসান কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে চেষ্টা করলেও (১৮) বড় ইনিংস গড়তে পারেননি। উইকেট হারানোর মিছিলে যোগ দেন জন হৃদয় (৫), শেখ মেহেদি (১১), সোহান (১৬) ও অধিনায়ক জাকের আলি (৫)।
শামীম হোসেন (৩০ বলে ২৫) একমাত্র লড়াই চালিয়ে যান, কিন্তু তার রিভার্স ল্যাপ ব্যর্থ হলে শেষ হয় বাংলাদেশের আশা। রিশাদ (দুই চার, এক ছক্কা) কিছুটা ব্যবধান কমালেও ফল বদলায়নি।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ব্যাটে-বলে উজ্জ্বল—বল হাতে ৪ ওভারে ৩ উইকেট, ব্যাটে ১৩ বলে ১৯ রান। ম্যাচসেরাও হন তিনি।
চোটের কারণে অধিনায়ক লিটন দাস খেলতে না পারায় আবারও দায়িত্ব নেন জাকের আলি। লিটনের অভাব তীব্রভাবে অনুভূত হয় রান তাড়ায়। অস্থির ব্যাটিং, অভিজ্ঞতার অভাব আর দায়িত্বজ্ঞানহীন শটেই ভেসে যায় সম্ভাবনার ম্যাচ।
স্কোরকার্ড
পাকিস্তান : ২০ ওভারে ১৩৫/৮ (হারিস ৩১, নওয়াজ ২৫, আফ্রিদি ১৯; তাসকিন ৩/২৮, মেহেদি ২/২৮, রিশাদ ২/১৮)।
বাংলাদেশ : ২০ ওভারে ১২৪/৯ (শামীম ৩০, সোহান ১৬, সাইফ ১৮; আফ্রিদি ৩/১৭, সাইম ২/১৬, নওয়াজ ১/১৪)।
ফল : পাকিস্তান জয়ী ১১ রানে।
ম্যান অব দ্য ম্যাচ : শাহিন শাহ আফ্রিদি।