প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৭ মে , ২০২৫
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কর্মশালা ও আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামাপুরের একটি হোটেলে ‘নতুন রাজনৈতিক দলের কাছে প্রবাসীদের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে এনসিপি মালয়েশিয়া চ্যাপ্টার।
কর্মশালায় নবগঠিত দলটির রাজনৈতিক দর্শন, স্বল্প মেয়াদি ও মধ্যমেয়াদি কর্মপন্থা প্রবাসীদের সামনে তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া চ্যাপ্টারের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উপস্থিত ছিলেন মালয়েশিয়া চ্যাপ্টারের নির্বাহী সদস্যরা।
সভায় অংশ নেওয়া সদস্যরা এনসিপির রাজনৈতিক গতিপথ ও দর্শন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। কেন্দ্রীয় নেতারা সেসব প্রশ্নের উত্তর দেন।
আলোচনায় এনসিপি নেতা আলাউদ্দীন মোহাম্মদ বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানই হচ্ছে এনসিপির রাজনীতির ভিত্তি বা কেন্দ্রবিন্দু। বাংলাদেশে স্বৈরতন্ত্রের বিলোপ ও বেহাত গণতন্ত্র পুনরুদ্ধারে প্রচলিত দলগুলো যখন ব্যর্থ হয়েছে এনসিপির তরুণ নেতারাই একটি সফল গণঅভ্যুত্থান আয়োজনের নেতৃত্ব দিয়েছে। তাই পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে এনসিপি স্বোচ্চার থাকবে।”
আলাউদ্দীন আরও বলেন, “বর্তমানে যারা এনসিপির শীর্ষ পদে রয়েছেন তারা দল প্রতিষ্ঠার আগে থেকেই বহিঃরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী জাতীয়তাবাদী অবস্থান নিয়ে এখানে ফ্যাসিবাদবিরোধী রাজনীতির ভিত রচনা করেছে। সুতরাং আগামী দিনগুলোতেও বাংলাদেশে বহিঃরাষ্ট্রের হস্তক্ষেপ প্রতিরোধের রাজনীতি চালিয়ে যাবে। জাতীয়তাবাদের নামে, পরিচয়ের নামে, ধর্মের নামে, আদর্শের নামে জাতিকে বিভক্ত রাখার রাজনীতি এনসিপি করবে না। আগামী দিনগুলোতেও বৈচিত্র্যের মধ্যে জাতীয় ঐক্যের মাধ্যমেই এনসিপি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে।”
অনুষ্ঠানে অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, “এনসিপি নাগরিক অধিকারভিত্তিক রাজনীতি করবে। যেমন নাগরিকদের প্রাইভেসি, মতামত নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ, নাগরিক অধিকার, সেল্ফ রেস্পেক্টসহ ইত্যাদি নাগরিক অধিকারভিত্তিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। প্রতিটি নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনের নিরাপত্তা বিধান করা হবে। বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশীদের মূলধারায় যুক্ত করার জন্য কাজ করে যাবে এনসিপি।”
অনুষ্ঠানে পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমিক, স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় দর্শক-স্রোতাদের দিক থেকে প্রবাসীরা মালয়েশিয়ায় তৃতীয় পক্ষের মাধ্যমে পাসপোর্ট সেবা, এটেস্টেশন ফি ও আমলাতান্ত্রিক জটিলতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।