প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৭ আগস্ট , ২০২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা সত্য প্রিয়া ঈশ্বরনের পোষা ডাকশান্ড প্রজাতির কুকুর ‘জেরি’ জন্মদিনে করেছে দারুণ এক কাণ্ড। নিজের চতুর্থ জন্মদিনে মাত্র এক মিনিটে ১১টি প্লাস্টিক বোতলের ঢাকনা খুলে গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
বিশ্বরেকর্ড কর্তৃপক্ষ জানায়, এক মিনিটে সবচেয়ে বেশি প্লাস্টিক বোতলের ঢাকনা খুলে ফেলার রেকর্ড এখন জেরির দখলে। এ সময় কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই এই কৃতিত্ব অর্জন করে সে।
সত্য প্রিয়া ঈশ্বরন গিনেসকে বলেন, “এটা জেরির সহজাত একটি গুণ। আমরা যখন তাকে বোতল দেই, সে স্বাভাবিকভাবেই তা খুলতে শুরু করে। ওর কোনো বিশেষ প্রশিক্ষণ লাগেনি। বরং চ্যালেঞ্জ পেলে ওর মনোযোগ আরও বাড়ে।”
জেরির পরিবার প্রথমবারেই তার এই বিশেষ প্রতিভা লক্ষ্য করে। এরপর থেকেই বোতলই হয়ে ওঠে জেরির সবচেয়ে প্রিয় খেলনা।
সত্য প্রিয়া আরও বলেন, “ও সবসময় নতুন কিছু করতে চায়। কাজ পেলে মোটিভেট হয় এবং থামতে চায় না। প্রতিবারই নিজেকে ছাড়িয়ে যেতে চায়।”
এমন ব্যতিক্রমী প্রতিভা দেখিয়ে বিশ্বরেকর্ড গড়ার পর এখন জেরি কেবল ঈশ্বরন পরিবারের নয়, গর্বের এক নাম হয়ে উঠেছে গোটা টেক্সাসে।