প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু সংস্কার কার্যক্রম পরিচালনার পর সরকারের কাছে ফের পরিদর্শনের আবেদন জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় এক প্রশ্নের উত্তরে তিনি আদ-দ্বীন হাসপাতাল পরিস্থিতি নিয়ে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আবার পরিদর্শনের জন্য তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে। আমরা আজকে বসব, পরিদর্শন করব, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি সরকার...।"
আগের পরিদর্শনে সরকার যেসব সুপারিশ দিয়েছে সেগুলো বাস্তবায়ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "তারা বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুনভাবে আরেকটু ইন্সপেকশন চাচ্ছে। হোপফুলি আমাদের একট টিম ইন্সপেকশন করতে যেতেও পারে।"
তবে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে যে ছয় শিশুর মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনো অনড় রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত আগের অবস্থান থেকে সরে আসিনি। ছয়টা শিশু মারা গেছে, যদি আমরা কিছু না করতাম আপনারা কী বলতেন? আমরা একশনে গিয়েছি, যে কারণে তারা স্ট্রাকচার, আইসিইউ ইউনিট, দরজা জানালা ভেঙ্গে সংস্কার করছে। বেকারিটা সরিয়ে নিয়েছে। আমাদেরকে রেগুলার এসবের ভিডিও পাঠাচ্ছে।
ছয় শিশুর ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি জানান, ছয়টা শিশুর দায়িত্ব তারা এড়াতে পারে না। ক্ষতিগ্রস্ত পরিবারকে তারা কিছু ক্ষতিপূরণ দিয়েছে। একটা মামলা ও পক্ষ থেকে করেছে ওদেরকে কিছু টাকা দিয়েছে। আমরা তো হত্যা মামলা করতে পারি না। মায়েরা মামলা দেয় নাই, পোস্টমর্টেম করতে দেয় নাই। এরপরে মামলা করেছে। মামলায় কি হবে সেটা আইনই বলবে।