প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার নামে তিনটি নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
রোববার মিরপুর সেনানিবাসে প্রধান অতিথি হিসেবে ভবন তিনটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি শিক্ষা ও গবেষণার প্রসার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বিইউপির উপাচার্যের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করা হয়।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের ওপর নির্ভর করে না; নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও এর গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিইউপির ভূমিকার প্রশংসা করেন তিনি।
নবনির্মিত তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।