প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধস জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা দিচ্ছে।
তিনি বলেন, মাভাবিপ্রবিতে আজ থেকে ৩ হাজার গাছের চারা রোপণ শুরু হয়েছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আনিছুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ এবং এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।