সদিয়া আক্তার সুচি প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
মোবাইল ফোনের আসক্তি কমিয়ে তরুণদের বই পড়ার অভ্যাসে ফেরাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘সাইলেন্ট রিডিং আওয়ার’। শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘পঠিত’ এ আয়োজন করে।
আয়োজনে অংশ নেওয়া পাঠকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এরপর এক ঘণ্টা নীরবে বই পড়েন অংশগ্রহণকারীরা। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থেকে বইয়ের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে পাঠাভ্যাস তৈরির বার্তা দেওয়া হয় এ আয়োজনে।
আয়োজকদের মতে, বর্তমানে তরুণদের বিনোদনের বড় একটি অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের স্ক্রিননির্ভর কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ফলে বই পড়ার অভ্যাস থেকেও অনেকেই দূরে সরে যাচ্ছে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমানো এবং তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ আয়োজন করা হয়েছে। ‘পঠিত’-এর সদস্য দীপ্ত তালুকদার বলেন, “মোবাইল ফোন আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। তবে এর অতিরিক্ত ব্যবহার বই পড়া এবং অর্থবহ অবসর কাটানোর অভ্যাস অনেকটা কমিয়ে দিচ্ছে। ‘সাইলেন্ট রিডিং আওয়ার’-এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অন্তত এক ঘণ্টার জন্য মোবাইল থেকে দূরে থেকে বইয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করতে চাই। আমাদের প্রত্যাশা, এই এক ঘণ্টাই একসময় নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরির সূচনা করবে।”
শুধু বই পড়ার অভ্যাস তৈরি নয়, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ বিনোদন চর্চার অভ্যাস গড়ে তুলতেও কাজ করছে ‘পঠিত’। সংগঠনটি বেরোবির শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ১০ টাকার বিনিময়ে ফেরতযোগ্য বই দিয়ে থাকে। এর মাধ্যমে বইপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে একটি নেটওয়ার্কও তৈরি হয়েছে।
২০২০ সালে রংপুরের হারাগাছ ইউনিয়নে কয়েকজন তরুণের উদ্যোগে ‘পঠিত’-এর কার্যক্রম প্রথম শুরু হয়। পরে ২০২৪ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘পঠিত’-এর কার্যক্রম নতুনভাবে শুরু করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ১০ টাকার বিনিময়ে ফেরতযোগ্য বই দেওয়ার পাশাপাশি সংগঠনটি বিভিন্ন পাঠভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আয়োজন করা হয় ‘সাইলেন্ট রিডিং আওয়ার’।
‘পঠিত’-এর আরেক সদস্য পারভেজ হাসান বলেন, “পঠিত-এর মূল উদ্দেশ্য শুধু বই দেওয়া নয়, বরং তরুণদের বইয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা।”
বর্তমানে ‘পঠিত’-এর সদস্য সংখ্যা সাতজন। তাঁরা হলেন—দীপ্ত তালুকদার, পারভেজ হাসান, ইবতেশাম রহমান সায়নাভ, সাদিয়া আক্তার সুচি, সূবর্ণা শিকদার, মনিরুল ইসলাম ও সানিয়া আক্তার।
‘সাইলেন্ট রিডিং আওয়ার’-এ অংশ নেওয়া পাঠক মুনাফা জান্নাত মিম বলেন,
“এটি খুবই ভালো একটি উদ্যোগ। এর মাধ্যমে আমি এক ঘণ্টার বেশি সময় ফোন থেকে দূরে ছিলাম এবং এই সময়টুকু বই পড়ে কাটিয়েছি। প্রোগ্রামটি না হলে হয়তো এক ঘণ্টা বইয়ে ডুবে থাকা বা ফোন ছাড়া থাকা সম্ভব হতো না।”
‘সাইলেন্ট রিডিং আওয়ার’-এর এক ঘণ্টা হয়তো কাউকে একদিনেই বই পড়ায় অভ্যস্ত করে তুলবে না। তবে এই এক ঘণ্টাই হতে পারে মোবাইলের বাইরে বইকে বিনোদন ও অবসরের সঙ্গী করে তোলার একটি নতুন অভ্যাসের সূচনা।