প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রী হলে মশক নিধনে ব্যবহারের জন্য ফগার মেশিন বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ কর্তৃপক্ষের কাছে একটি করে ফগার মেশিন হস্তান্তর করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, দুই হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীরা।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে প্রশাসক আবদুস সালাম দুটি হল পরিদর্শন করেন। সে সময় তিনি জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মশক নিয়ন্ত্রণে ফগার মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই মেশিন দুটি হস্তান্তর করা হয়েছে।
ফগার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন। হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা ফগার মেশিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে ৫০০টি গাছের চারা দেওয়ার ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক।