প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতার জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এ কারণেই তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করেন।
একই সঙ্গে তাঁদের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্র ইউনিয়ন জানায়, সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ব্যক্তির একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিদায়ী নেতাদের সংগঠনে অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ছাত্র ইউনিয়ন।
উল্লেখ্য, মেঘমল্লার বসু জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।