প্রতিবেদক। ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক আগামী ২৯ অক্টোবর যোগদান করবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হয়েছে।
তিনি বলেন, “আশা করছি, আগামী ২৯ অক্টোবর সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা যোগদান করতে পারবেন।” মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা যোগদানের পর তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে। এরপর তাদের জন্য প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।