প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব ২৬ জুনের আগে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো যাচ্ছে না। নতুন অর্থবছরের বাজেট কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার কারণে এ বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, জুন মাসের বেতন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে পরিশোধ করা হবে। প্রতি বছরই নতুন অর্থবছরের শুরুকে কেন্দ্র করে জুন মাসের বেতনের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা সূত্র জানায়, ২৬ জুনের পর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের বিল অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আগামী ২২ জুনের মধ্যে বিল অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। সোমবার এ বিল জমা দেওয়ার শেষ দিন।
বিল জমা শেষ হওয়ার পরই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার প্রক্রিয়ার কারণে ২৬ জুনের আগে তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত মাসে মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় করা হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন এবং কলেজ পর্যায়ের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী ছিলেন।