প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জুলাই অভ্যুত্থানকালীন সময়ে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ এবং শিক্ষার্থীদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও দুই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন—লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের প্রতি হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। একই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া একটি ঘটনায় বাংলা বিভাগের এক শিক্ষককেও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে পৃথক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।