প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সরকারি কর্ম কমিশন— পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
পাঁচ বছরের জন্য তাকে এ পদে বসিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পিএসসির চেয়ারম্যানের পদে অধ্যাপক মোবাশ্বের মোনেমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অধ্যাপক গত ১৮ অগাস্ট পদত্যাগ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।
পরের দিন মোবাশ্বের মোনেমকে পাঁচ বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল মুহাম্মদ ইউনূসের সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ২০২৪ সালের ১ অগাস্ট থেকে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) আইন বিভাগে অধ্যাপনা করছেন নাজমুজ্জামান ভূঁইয়া।
ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি করেছেন তিনি।
এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির মডারেটরের দায়িত্ব পালন করা অধ্যাপক নাজমুজ্জামান এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (এশিয়ানসিল)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য।
তার পড়াশোনা ও কাজের ক্ষেত্রের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, গণমাধ্যম আইন, দুর্যোগ আইন এবং এশিয়া ও আফ্রিকার আইন ব্যবস্থা রয়েছে। প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি বই এবং গবেষণাপত্র।