প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের অর্থ বিতরণ পুনরায় শুরুর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধনের তথ্য বিএসএসকে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে ‘আইবাস++’ এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট কাটাতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে।
ওই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা ২০২২ সালের পর অর্থাৎ দীর্ঘ চার বছর পর সরকারি দুটি ফান্ডে জমানো ফান্ডের একটি অংশ ফেরত পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেক প্রমুখ।
আরও পড়ুন: শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
সূত্র: বিএসএস