প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
দ্য ক্রাফটসম্যান’ শীর্ষক চিত্রকর্ম নিয়ে রাশিয়ার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতা ‘কার্তিনা মিরা’-তে সেরাদের সেরার তালিকায় স্থান করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী অরণী হোসেন অথৈ। এ অর্জনের জন্য তিনি ১ লাখ (১০০,০০০) রুবেল অর্থ পুরস্কার লাভ করেছেন।
গত ২৪ জুন রাশিয়ার সামারা শহরে অবস্থিত স্টেট ট্রেতিয়াকভ গ্যালারিতে প্রতিযোগিতার প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১ হাজার ৬৫৩টি শিল্পকর্ম জমা পড়ে। বিচারকদের মূল্যায়নে মাত্র ১৫টি শিল্পকর্ম চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হয়, যার মধ্যে ছিল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’।
বিজয়ী ১৫ শিল্পীর তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম, কলম্বিয়া, কঙ্গো, ইন্দোনেশিয়া, সেনেগাল, দক্ষিণ কোরিয়া, চীন, ক্যামেরুন, রাশিয়া ও কাজাখস্তানের শিল্পীরা স্থান পান। প্রতিযোগিতাটি পেইন্টিং, গ্রাফিক্স এবং ডিজিটাল আর্ট—এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়।
অরণী হোসেন অথৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর এ আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের শিল্পাঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতার উদ্যোগ নেয় রাশিয়ার স্টেট ট্রেতিয়াকভ গ্যালারি, সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়, ইনোপ্রাক্টিকা এবং দেশটির সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্টেট ট্রেতিয়াকভ গ্যালারি ও সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল রাশিয়ার অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান গাজপ্রমব্যাংক।
আয়োজকদের মতে, বিশ্বের তরুণ শিল্পীদের সৃজনশীলতা ও শিল্পভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যেই ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।