প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত (গেজেটেড কর্মকর্তা) করার পর ছয় মাস পরও সে অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা। বেতন নির্ধারণের (ফিক্সেশন) কাজ শুরু না হওয়ায় তাদের আগের গ্রেড অনুযায়ী বেতন নিতে হচ্ছে। এ ছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩ থেকে ১১তমে উন্নীত করার প্রস্তাবও আটকে আছে।
আদালতের রায়ের পর গত ডিসেম্বরে
প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়। এই গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা দিয়ে, যার
সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা। এর আগে তাঁদের গ্রেড ছিল ১১ ও ১২তম। এই গ্রেডে মূল
বেতন শুরু হয় যথাক্রমে ১২ হাজার ৫০০ টাকা ও ১১ হাজার ৩০০ টাকা দিয়ে।
প্রধান শিক্ষকদের ভাষ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের দীর্ঘসূত্রতার কারণে তাঁদের বেতন নির্ধারণ আটকে আছে। ১৬ জুলাইয়ের মধ্যে বেতন নির্ধারণ শুরু না হলে তাঁরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবেন।