প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
বিশ্বনন্দিত ফুটবল তারকা লিওনেল
মেসির বাবা হোর্হে মেসি আর নেই। ৬৮ বছর বয়সে মারা গেছেন তিনি। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার
পর শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মেডিকেল ক্লিনিকে হোর্হে শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন।
মেসির শৈশবের ক্লাব নিওয়েলস
ওল্ড বয়েজও সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। পরিবার জানিয়েছে, হোর্হে
তার জীবনের শেষ দিনগুলো রোসারিওর একটি মেডিকেল সেন্টার ও বাড়িতে আসা-যাওয়ার মধ্যে
কাটিয়েছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল।
আরেক সন্তান লিওনেল মেসি বিশ্বকাপ
ফাইনালে হারের পর বাবার সঙ্গে সময় কাটাতে রোসারিওতে যান। এরপর তিনি ক্লাব ইন্টার মায়ামিতে
যোগ দেন, ফেরার পর এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন রেকর্ড আটবারের ব্যালনডিয়র জয়ী।
সাবেক ক্লাব বার্সেলোনায় মেসির
শুরুর দিনগুলো থেকে শুরু করে ক্যারিয়ারজুড়ে তার পাশে ঘনিষ্ঠভাবে ছিলেন হোর্হে। বেশ
কয়েক বছর ছেলের এজেন্ট হিসেবেও কাজ করেন তিনি।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি।
উদযাপনের এক পর্যায়ে তার চোখে দেখা যায় জল। জার্সিতে চোখ মুছতেও দেখা যায় তাকে। প্রথম
ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলা মেসি ওই ম্যাচের পর বলেছিলেন, ফুটবলের বাইরের বিষয়
থেকেই তার চোখে জল এসেছিল। এর কয়েক দিন পর পরিবারের পক্ষ থেকে হোর্হের অসুস্থতার খবর
জানানো হয়। এবার চলেই গেলেন তিনি।