প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে প্রায় চার মাস পারস্য উপসাগর এলাকায় আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সমুদ্রগামী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, ভূরাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এটি বিশ্ব সামুদ্রিক ইতিহাসে সংকট ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। সীমাহীন সাহসিকতা, দক্ষ নৌ-কৌশল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক দিকনির্দেশনায় রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজটি চরম সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে। মধ্যপ্রাচ্যের তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধজনিত অস্থিরতা এবং দীর্ঘ অচলাবস্থা পেরিয়ে জাহাজটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে।
তিনি আরও জানান, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতাসম্পন্ন এ বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে নিরাপদ বাঙ্কারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটিতে কর্মরত ৩১ জন ক্রুর সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
সিঙ্গাপুরভিত্তিক একটি খ্যাতনামা চার্টার প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত ‘এমভি বাংলার জয়যাত্রা’ গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। প্রথমে জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল বহন করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। তবে জাহাজটি জেবেল আলী বন্দরে অবস্থানকালে গত ২৮ ফেব্রুয়ারি অঞ্চলে তীব্র সামরিক সংঘাত ও যুদ্ধ শুরু হয়। এর ফলে কার্গো খালাস প্রক্রিয়া হুমকির মুখে পড়লেও, প্রতিকূল পরিস্থিতির মধ্যেই গত ১১ মার্চ সাহসিকতার সঙ্গে স্টিল কয়েলের চালান সফলভাবে খালাস করা হয়।