প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ ব্যাংক একীভূত করার পর এবার চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
গত বছর সেপ্টেম্বরে শরিয়াহভিত্তিক
পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড নামে একটি নতুন
রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো—ফার্স্ট
সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক
ও এক্সিম ব্যাংক।
রোববার রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যেই চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণি করা ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধে অক্ষমতার মতো বিষয়গুলোকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।